পলাতক মৃত আসামির মামলা চলায় অসন্তোষ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক অবস্থায় মৃত্যুর পরও ময়মনসিংহের ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে মামলা চলায় অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই অসন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী প্রথম আলোকে বলেন, ‘মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা চলায় ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করেছেন। মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা চলতে পারে না, এটি আইনবিরোধী কাজ। আমরা এটি খতিয়ে দেখব।’
ময়মনসিংহের পুলিশ সুপারের (বিশেষ শাখা) কার্যালয় থেকে গতকাল ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে একটি চিঠি পৌঁছায়। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক সাংবাদিকদের বলেন, ময়মনসিংহের পুলিশ সুপার (বিশেষ শাখা) চিঠি দিয়ে অবহিত করেছেন, আসামি গত বছরের ৭ মে মারা যান। এর আগে ট্রাইব্যুনাল আসামির মৃত্যুর বিষয়ে কোনো ধরনের তথ্য জানতেন না। চিঠি পাওয়ার পরপরই তা ট্রাইব্যুনালের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, পলাতক অবস্থায় আসামির মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন কিংবা বিচারিক কার্যক্রম শুরুর দায় কোনোভাবেই ট্রাইব্যুনালের নয়। আসামি গ্রেপ্তার করার দায়িত্ব যাদের, এর দায় তাদের।
মৌলভীবাজারের একটি মামলার শুনানির আগে এই মামলায় পলাতক আসামির মারা যাওয়া এবং তা না জানার প্রসঙ্গটি আসে বলে
জানান রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি ঋষিকেশ সাহা।