শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে জালিয়াতি করে তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তি বন্দোবস্ত নেওয়ার মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরুর আদালতে এ অভিযোগ গঠিত হয়। এর মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হলো। আগামী ১৩ অক্টোবর থেকে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। রাগীব আলীসহ তাঁর ছেলেমেয়ে বর্তমানে পলাতক।
একই আদালত গতকাল তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তি দখল করে হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির ও মেয়ের জামাই আবদুল কাদিরের মালামাল জব্দের নির্দেশ দিয়েছেন। মামলাটিতে আসামি তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তির সেবায়েত পংকজ কুমার গুপ্তকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি করে তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তি বন্দোবস্ত নেওয়ার মামলায় রাগীব আলী ও ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অপর মামলায় রাগীব আলীর মেয়ে ও জামাতার মালামাল জব্দ করে আগামী ১৩ অক্টোবরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে সিলেট কোতোয়ালি থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলার অভিযুক্ত ছয় আসামির একজন সেবায়েত পংকজ কুমার গুপ্ত আদালতে নিয়মিত হাজির হওয়ায় বিচারক তাঁকে স্থায়ী জামিন দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগানের জায়গায় বিধিবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণ করায় ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত তৎকালীন সংসদীয় স্থায়ী কমিটি তদন্ত করে রাগীব আলীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। পরে সংসদীয় উপকমিটি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এস এম আবদুল কাদের সিলেট কোতোয়ালি থানায় দুটো মামলা করেন। এসব মামলা উচ্চ আদালত থেকে স্থগিত করা হয় এবং পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।
পরে গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের পক্ষে রায় দেন। এতে দুটি মামলাও সক্রিয় করার নির্দেশনা দেওয়া হয়। ১৬ মার্চ সরকারি কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের মুখ্য মহানগর হাকিম মামলাটি তদন্তের নির্দেশ দেন। এরপর ১০ জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় রাগীব আলী ও তাঁর ছেলেকে এবং প্রতারণা মামলায় রাগীব আলী, তাঁর ছেলে, মেয়ে, মেয়ে-জামাই, রাগীবের আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ ছাড়াও তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমারকে অভিযুক্ত করা হয়।
১০ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করে আদালত ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই দিন সন্ধ্যায় রাগীব আলী ছেলেকে নিয়ে জকিগঞ্জ হয়ে ভারতের করিমগঞ্জে পালিয়ে যান বলে জেলা পুলিশ নিশ্চিত হয়েছে।
স্থায়ী জামিন পাওয়ার পর পংকজ কুমার প্রথম আলোকে বলেন, ‘আমাকে জিম্মি করে চা-বাগানের দখল নেওয়া হয়েছিল। আমাকে রাগীব আলীর প্রভাবেই অভিযুক্ত করা হয়েছে। আশায় ছিলাম, ন্যায়বিচার পাব। তাই রাগীব আলীর মতো দেশ ছেড়ে পালাইনি।’