পলাতক সাত খুনি কোথায়
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আত্মস্বীকৃত সাত খুনি এখন পালিয়ে আছেন বিশ্বের বিভিন্ন দেশে। বারবার অবস্থান পাল্টে ফেলায় তাঁদের সর্বশেষ ঠিকানা সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। খুনিদের অবস্থান নিশ্চিত এবং দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের সবগুলো বৈদেশিক মিশনকে নির্দেশ দিয়েছে। এ বিষয়ে ইন্টারপোলের সহায়তা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বঙ্গবন্ধু হত্যা মামলায় দোষী সাব্যস্ত ও পালিয়ে থাকা আত্মস্বীকৃত সাত খুনির মধ্যে খন্দকার আবদুর রশিদ ও রিসালদার মোসলেমউদ্দিন কোনো দূতাবাসে চাকরি নেননি। অন্য পাঁচজন শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, আবদুল আজিজ পাশা ও ক্যাপ্টেন আবদুল মাজেদ একাধিক বাংলাদেশ মিশনে কাজ করেছেন। আজিজ পাশা জিম্বাবুয়েতে ২০০২ সালে মারা যান।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। আইন অনুযায়ী কোনো পলাতক আসামি ধরা পড়লে বা আত্মসমর্পণ করলে আপিলের সুযোগ পান। তবে তাঁদের বিলম্ব মার্জনার জন্য আবেদন করতে হয়। কেন বিলম্ব হলো, তার ব্যাখ্যা দিতে হয়। খুনিদের ফিরিয়ে আনতে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, খুনিদের অবস্থান কোথায় এবং কীভাবে দেশে এনে তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, সে ব্যাপারে সবগুলো মিশনকে নির্দেশ পাঠানো হয়েছে। খুনিরা বিভিন্ন সময় অবস্থান পরিবর্তন করায় তাঁদের অবস্থান নিশ্চিত করা কিছুটা কঠিন হয়ে পড়েছে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, পালিয়ে থাকা এসব খুনি যুক্তরাষ্ট্র, লিবিয়া ও কানাডায় অবস্থান করছেন। তবে মন্ত্রণালয়ের কাছে দুজনের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য আছে। রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থান করলেও কানাডায় রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। বেশ কিছুদিন জার্মানিতে লুকিয়ে থাকার পর নূর চৌধুরী রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কানাডায়। রাশেদ চৌধুরীকে দেশে ফেরত আনার ব্যাপারে মার্কিন সরকারকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।অন্য চারজন কোথায়, জানতে চাইলে সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্য নেই; তবে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী তাঁরা লিবিয়া ও পাকিস্তানে আছেন। খন্দকার আবদুর রশিদ অবস্থান করেন মূলত লিবিয়ার বেনগাজি শহর ও পাকিস্তানে। ডালিমের ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ড কেনিয়াকে কেন্দ্র করে পরিচালিত হলেও তিনি মাঝেমধ্যে লিবিয়া ও ইউরোপে যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা, ক্যাপ্টেন আবদুল মাজেদ লিবিয়ার বেনগাজি ও পাকিস্তানে এবং রিসালদার মোসলেমউদ্দিন অবস্থান করেন লিবিয়ায়।