পলাতক হাসান আলীর রায় কাল
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের পলাতক সৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
গত ২০ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ রাখেন। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ ওই দিন যুক্তি উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
গত বছরের ১১ নভেম্বর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ছয় অভিযোগে হাসান আলীর বিচার শুরু হয়। ৮ ডিসেম্বর থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ৩১ মার্চ পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে ২৬ জন সাক্ষ্য দেন। এরপর দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলার কার্যক্রম শেষ হয়।
গত বছরের ২৯ জুন হাসান আলীর বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন চূড়ান্ত করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তারা জানায়, হাসান আলীর বাবা সৈয়দ মোসলেম উদ্দিন একাত্তরে পূর্ব পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির ভাইস-চেয়ারম্যান ও কিশোরগঞ্জ মহকুমা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। বাবার মুক্তিযুদ্ধবিরোধী আদর্শে উদ্বুদ্ধ হয়ে হাসান আলী রাজাকার বাহিনীতে যোগ দেন এবং কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার হিসেবে নিয়োগ পান। গত বছরের ৩ এপ্রিল তাঁকে গ্রেপ্তারে ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।
ছয় অভিযোগ: হাসান আলীর বিরুদ্ধে প্রথম অভিযোগ, একাত্তরের ২৭ এপ্রিল তাড়াইল থানার সাচাইল পূর্বপাড়া গ্রামের হাসান আহমদ ওরফে হাচু ব্যাপারীর সাতটি ঘর লুট করে আগুনে পুড়িয়ে দেন হাসান আলী, সহযোগী রাজাকার ও পাকিস্তানি সেনারা। পরে হাচু ব্যাপারীকে গুলি করে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগ, ২৩ আগস্ট হাসান আলী, রাজাকার ও পাকিস্তানি সেনারা কোনাভাওয়াল গ্রামের তফাজ্জল হোসেন ভূঁইয়াকে হত্যা করে দুটি ঘর লুট ও দুজনকে অপহরণ করেন। তৃতীয় অভিযোগ, ৯ সেপ্টেম্বর হাসান আলী, রাজাকার ও পাকিস্তানি সেনারা শিমুলহাটি গ্রামের পালপাড়ার অক্রুর পালসহ ১০ জনকে হত্যা করে ঘরবাড়িতে আগুন দেয়। চতুর্থ অভিযোগ, ২৭ সেপ্টেম্বর বড়গাঁও গ্রামের মরকান বিলে বেলংকা রোডে সতীশ ঘোষসহ আটজনকে হত্যা ও করে হাসান আলী ও সহযোগী রাজাকাররা। পঞ্চম অভিযোগ, ৮ অক্টোবর হাসান আলী, রাজাকার ও পাকিস্তানি সেনারা আড়াইউড়া গ্রামের কামিনী কুমার ঘোষ ও জীবন ঠাকুরকে হত্যা করে ঘরবাড়ি লুট করে। ষষ্ঠ অভিযোগ, ১১ ডিসেম্বর হাসান আলী ৩০-৪০ জন রাজাকার ও পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে সাচাইল গ্রামের শতাধিক ঘরে আগুন দেয় এবং গ্রামের আবদুর রশিদকে হত্যা করে।