পলাতক ১২ জনের ব্যাপারে তথ্য নেই পুলিশের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ১২ আসামির ব্যাপারে পুলিশের কাছে তেমন তথ্য নেই। তাঁদের মধ্যে আটজন র‍্যাব-১১-এর সাবেক সদস্য। বাকি চারজন এ মামলার প্রধান আসামি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নূর হোসেনের সহযোগী।

রায়ে পলাতক ১২ জনের মধ্যে ৯ জনকে ফাঁসির দণ্ড এবং ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। নূর হোসেনের সাজাপ্রাপ্ত চার সহযোগী হলেন সেলিম, সানাউল্লাহ সানা, ম্যানেজার শাহজাহান ও ম্যানেজার জামাল উদ্দিন। তাঁদের চারজনকেই ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে সেলিমের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়। অন্য তিনজনের বাড়ি সিদ্ধিরগঞ্জ থানায়। ওই দুই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সেলিম ছাড়া বাকি তিনজনকে সাত খুনের ঘটনার পর বেশ কয়েক মাস মাঝেমধ্যে এলাকায় দেখা গেছে। গত কয়েক মাস তাঁরা এলাকায় আসেননি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ গতকাল মঙ্গলবার বলেন, ‘আমাদের কাছে কোনো গ্রেপ্তারি পরোয়ানা আসেনি। আদালতের পরোয়ানা পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, আসামি এলাকায় ঘুরে বেড়িয়েছেন, এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই।

সাজাপ্রাপ্ত পলাতক বাকি আটজন হলেন র‍্যাবের তৎকালীন সদস্য করপোরাল মোখলেছুর রহমান, সৈনিক আবদুল আলিম, সৈনিক মহিউদ্দিন মুনশি, সৈনিক আল আমিন, সৈনিক তাজুল ইসলাম, সার্জেন্ট এনামুল কবির, এএসআই কামাল হোসেন ও কনস্টেবল হাবিবুর রহমান। তাঁদের মধ্যে অপহরণের দায়ে কামাল হোসেনকে ১০ বছর কারাদণ্ড, অপহরণের দায়ে মোখলেছুর রহমানকে ১০ বছর কারাদণ্ড এবং অপহরণের দায়ে ১০ বছর ও সাক্ষ্য-প্রমাণ সরানোর দায়ে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে হাবিবুর রহমানকে। বাকি পাঁচজনকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে।

সাত খুনের একটি মামলার বাদী এবং নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, প্রথম দিকে পুলিশের যেমন তৎপরতা ছিল, পরে আর সেভাবে দেখা যায়নি। এ কারণে সুযোগ থাকা সত্ত্বেও কয়েকজন আসামি গ্রেপ্তার হননি।

জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, নূর হোসেনের সঙ্গে সেলিম কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন। এখনো তিনি সেখানেই আছেন বলে পুলিশ জানিয়েছে। বাকি তিন সহযোগীর ব্যাপারে তাঁদের কাছে তথ্য নেই।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক প্রথম আলোকে বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা আছে। তাঁরা কেউই বৈধ উপায়ে দেশের বাইরে পালিয়ে যেতে পারেননি। কেননা, সব স্থলবন্দর ও বিমানবন্দরে তাঁদের ব্যাপারে বলা আছে।