হল-মার্ক গ্রুপের ব্যাংক কেলেঙ্কারিসংক্রান্ত ১১ মামলায় পলাতক ১৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই আদেশ দেন। একই সঙ্গে আদালত সোনালী ব্যাংকের আট কর্মকর্তাকে অব্যাহতির আদেশ দেন। ২৭ নভেম্বর পরোয়ানা তামিলসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শেষে গত ১৫ সেপ্টেম্বর হল-মার্ক গ্রুপ ও সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। সোনালী ব্যাংকের আট কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় অব্যাহতি দেওয়ার আবেদন করে দুদক। গতকাল আদালত অভিযোগপত্র গ্রহণ করে আটজনকে অব্যাহতির আদেশ দেন।
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন ভগবতী মজুমদার, কানিজ ফাতেমা চৌধুরী, আনম মাসরুল হুদা সিরাজী, সবিতা সিরাজ, আবুল হাসান, আশরাফ আলী পাটোয়ারী, খুরশীদ আলম ও মো. ওয়াহিদুজ্জামান।
গতকাল যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় তাঁরা হলেন হল-মার্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাপারেল এন্টারপ্রাইজের শহিদুল ইসলাম, স্টার স্পিনিং মিলসের আবদুল বাছির, টি অ্যান্ড ব্রাদার্সের তসলিম হাসান, ম্যাক্স স্পিনিং মিলসের মীর জাকারিয়া, সেঞ্চুরি ইন্টারন্যাশনালের জিয়াউর রহমান, আনোয়ারা স্পিনিং মিলসের জাহাঙ্গীর আলম, প্যারাগন গ্রুপের সাইফুল ইসলাম রাজা, নকশী নিটের আবদুল মালেক এবং সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার, সোনালী ব্যাংকের হুমায়ুন কবির, মাইনুল হক, ননী গোপাল নাথ, কামরুল হোসেন খান, এজাজ আহম্মেদ, সাইফুল হাসান, আবদুল মতিন ও মেহেরুন্নেসা।