কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলার পলাতক ২৪ আসামির মালামাল ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। এ জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। গতকাল সোমবার কুমিল্লার দ্রুত বিচার আদালতের বিচারক সাইদুর রহমান গাজী এ নির্দেশ দেন। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আবু মো. শাহ্জাহান কবির প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ্জাহান কবির বলেন, ‘মামলার ৪১ জন আসামির মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ২৪ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দীর্ঘ সময়ে আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আদালত তাঁদের মালামাল এক সপ্তাহের মধ্যে ক্রোক করার নির্দেশ দেন। গতকাল ওই নির্দেশ পাওয়ার পর পুলিশ মালামাল ক্রোক করার কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে মালামাল ক্রোক করা হবে।’ ১০ অক্টোবর কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে শহরের কান্দিরপাড় এলাকায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই দিনই কুমিল্লার কোতোয়ালি মডেল থানার এসআই দেবাশীষ চৌধুরী বাদী হয়ে দ্রুত বিচার আইন ও পুলিশের ওপর হামলাসহ বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।