সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম হত্যা মামলার পলাতক ২৪ আসামির স্থাবর-অস্থাবর মালামাল বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শাহজাদপুর আমলি আদালতের বিচারক হাসিবুল হক শাহজাদপুর থানা-পুলিশকে এই নির্দেশ দেন।
এর আগে ১৩ জুন এই মামলার অভিযোগপত্রের শুনানি হয়। এ সময় মামলার বাদী আবদুল হাকিমের স্ত্রী নুরুন্নাহার বেগম আদালতে উপস্থিত থেকে এ অভিযোগত্রের ওপর কোনো আপত্তি না করায় আদালত তা গ্রহণ করে নথিভুক্ত করেন। তখন এ মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
শাহজাদপুর আমলি আদালত পুলিশের জেনারেল রেজিস্ট্রেশন অফিসার (জিআরও) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, আগের আদেশ অনুযায়ী থানা-পুলিশ আসামিদের আদালতে হাজির করতে না পারায় আদালত তাঁদের মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। এ মামলায় জামিনে থাকা অপর চার আসামি হাসিবুল হক, আলমগীর হোসেন, জহির মোল্লা ও দুলাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগপত্র গত ২ মে শাহজাদপুর আমলি আদালতে দাখিল করেন মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। অভিযোগপত্রে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক, তাঁর ভাই হাবিবুল হকসহ ৩৮ জনকে আসামি করা হয়েছে।
২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে আহত হন আবদুল হাকিম। পরদিন তিনি মারা যান। এ ঘটনায় পৌর মেয়র হালিমুল হকসহ ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়।