পলাতকদের গ্রেপ্তার ও সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিউল রাজন হত্যা
সামিউল রাজন হত্যা

সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাঁদের সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। আর এই মামলার অন্যতম আসামি সৌদি আরবে ধরা পড়া কামরুল ইসলামকে দেশে ফেরত আনতে বাংলাদেশ সরকারের আবেদন অনুমোদন করেছে সৌদি কর্তৃপক্ষ।
গতকাল সোমবার অভিযোগপত্রের ওপর শুনানি শেষে সিলেট মহানগর হাকিম আদালতের (এমএম-১) বিচারক সাহেদুল করিম পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সামিউল রাজন হত্যা মামলায় ১৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে গতকাল এর গ্রহণযোগ্যতার ওপর শুনানির দিন ধার্য করা হয়। সে অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শুনানি হয়। পরে আদালত অভিযোগপত্র গ্রহণ করে তিন পলাতক আসামি কামরুল ইসলাম ও তাঁর ভাই শামীম আহমদ এবং জাকির হোসেন পাবেল ওরফে রাজু মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে তাঁদের সম্পত্তি জব্দের নির্দেশ দেন।
শুনানিকালে মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার অভিযোগপত্রে উল্লেখ করা মামলার আলামতগুলো আদালতের কাছে হস্তান্তর করেন। ১৬ আগস্ট ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্রটি দাখিল করেছিলেন তিনি। হত্যার ঘটনার পরপরই পালিয়ে সৌদি আরব গিয়ে ধরা পড়া কামরুল ইসলামকে অভিযোগপত্রে প্রধান আসামি করা হয়। অভিযোগপত্রে কামরুলসহ তিনজনকে পলাতক দেখানো হয়েছে।
কামরুল ছাড়া বাকি অভিযুক্ত ব্যক্তিরা হলেন কামরুলের তিন ভাই মুহিত আলম, হায়দার আলী ওরফে আলী ও শামীম আহমদ (পলাতক), চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না, দুলাল আহমদ, নূর আহমদ ওরফে নূর মিয়া, আয়াজ আলী, রহুল আহমদ ওরফে রুহেল, রাজু মিয়া (পলাতক), ফিরোজ আলী, তাজউদ্দিন আহমদ ওরফে বাদল ও আজমত উল্লাহ।
অভিযোগের প্রমাণ না পাওয়ায় গ্রেপ্তার হওয়া এক আসামির স্ত্রী লিপি বেগম ও তাঁর ভাই ইসমাইল হোসেন ওরফে আবলুসকে অব্যাহতির সুপারিশ করা হয় অভিযোগপত্রে। গতকাল এই দুজনকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন আদালত।
গত ৮ জুলাই চুরির অপবাদ দিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডের শেখপাড়ায় পিটিয়ে হত্যা করা হয় সিলেটের জালালাবাদ থানার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু সামিউল রাজনকে। তখন তার লাশ গুম করার চেষ্টার সময় ধরা পড়েন একজন। একে একে জনতা ধরিয়ে দেয় হত্যা মামলার কয়েকজন আসামিকে।
এদিকে ঘটনার মূল হোতা কামরুল ইসলাম দেশ ছেড়ে পালানোর ঘটনায় গাফিলতির অভিযোগে গত ২৭ জুলাই সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার তৎকালীন ওসি-তদন্ত (পরিদর্শক) আলমগীর হোসেন এবং উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত রাতে বিবিসি বাংলার খবরে বলা হয়, কামরুল ইসলামকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ সরকারের আবেদন সৌদি আরব কর্তৃপক্ষ অনুমোদন করেছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মহসি বিবিসিকে বলেন, আগামী তিন-চার সপ্তাহে মধ্যে সৌদির বিভিন্ন আনুষ্ঠানিকতা ও প্রক্রিয়া (ফরমালিটিজ) পূরণ করে তাঁকে ফেরত পাঠানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
সামিউল রাজনের বাবার আবেদন: সামিউল রাজনের বাবা শেখ মো. আজিজুর রহমান গতকাল আইনজীবীদের মাধ্যমে আদালতে একটি আবেদন করেছেন। আবেদনপত্রে তিনি অভিযোগপত্র থেকে ‘চোর’ শব্দ প্রত্যাহার, বাদী ও সাক্ষী হিসেবে অভিযুক্ত পুলিশ সদস্যদের দুজনকে রাখার ব্যাপারে আপত্তি জানান। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এবং শওকত চৌধুরী এ আবেদন আদালতে দাখিল করেন।
এ সম্পর্কে এমাদ উল্লাহ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বরখাস্ত হওয়া এসআই আমিনুল রাজনের বাবার এজাহার না নিয়ে নিজে এজাহার দিয়েছিলেন। তিনিই ঘটনার দিন রাতে রাজনের বাবাকে থানা থেকে গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। তাঁর এজাহারে রাজনকে চোর সাব্যস্ত ও আসামিদের নাম গোপন করা হয়েছিল।’
এই আইনজীবী আরও বলেন, ‘তৎকালীন ওসি (তদন্ত) আলমগীরও রাজনকে চোর সাব্যস্ত করা সেই এজাহার আদালতে দাখিল করেছিলেন। তাই এই দুজনের ব্যাপারে আমাদের আপত্তি আছে। পাশাপাশি অভিযোগপত্র থেকে রাজন নামের সঙ্গে চোর শব্দটি প্রত্যাহার করারও আবেদন রয়েছে।’