পলাতকদের গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার হাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে ডেসটিনির কর্তাব্যক্তিদের বিরুদ্ধে করা দুটি মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা তামিলের বিষয়ে পুলিশ গতকাল বুধবার কোনো প্রতিবেদন দেয়নি। এ জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ-সংক্রান্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। তবে মামলার আসামি ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ আদালতে হাজির হননি। তিনি জামিনে রয়েছেন।
শুনানি শেষে বিচারক মো. জহুরুল হক পলাতকদের বিরুদ্ধে জারি করা পরোয়ানা তামিলের প্রতিবেদন জমার পরবর্তী দিন ধার্য করেন ১৭ সেপ্টেম্বর। এ মামলার আসামি ডেসটিনি ২০০০-এর চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীন এবং পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে মামলার অপর আসামি ডেসটিনি গ্রুপের পরিচালক মো. আকবর হোসেন, শফিউল ইসলাম ও শিরিন আকতারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।
গত ১১ জুন এ দুই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক সাঈদ-উর-রহমান, গোফরানুল হক, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ, রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দীবা, জামসেদ আরা চৌধুরী, নেপাল চন্দ্র বিশ্বাস, শেখ তৈয়বুর রহমান, জাকির হোসেন, আজাদ রহমান, মো. রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, মো. সুমন আলী খান, মো. আবুল কালাম আজাদ এবং গ্রুপটির কোষাধ্যক্ষ আকরাম হোসেনসহ মোট ৪৪ জন আসামি পলাতক রয়েছেন।
গত ৪ মে ডেসটিনির বিরুদ্ধে চার হাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে দুই মামলার এজাহারভুক্ত ২২ আসামির সঙ্গে আরও ২৯ জনকে যোগ করে ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দুটি দাখিল করেন দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার। এর আগে গত ১৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক।