ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজন পলাতক পাঁচজনের বিষয়ে তথ্য দিলে ১০ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছে। ওই ঘটনা তদন্ত করছে এনআইএ।
এ ছাড়া আরও সাত সন্দেহভাজনের বিষয়ে তথ্য দেওয়া হলে পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়।
কলকাতা প্রতিনিধি জানান, পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও সিপিএম বিধায়ক সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেছেন, রাজ্যের শাসক দলের মদদেই সেখানে আশ্রয় পাচ্ছে ‘বাংলাদেশের’ জঙ্গিরা। গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। তিনি জানান, তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করে সাত দফা দাবি জানিয়েছেন।
গতকাল প্রকাশিত ভারতের দি ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে তিনটি জেলা নিয়ে ‘ইসলামিক স্টেট’ গড়তে চেয়েছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি। পশ্চিমবঙ্গের জেলা তিনটি হলো মুর্শিদাবাদ, নদীয়া ও মালদা। জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন বর্ধমান বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিন জেএমবি সদস্য।