আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে দিতে কানাডা ও যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানাবে সরকার। গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী তাঁর দপ্তরে বিদেশে পলাতক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সভার পর সাংবাদিকদের এ কথা জানান। শফিক আহমেদ বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র সব সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে। এ কারণে বঙ্গবন্ধু হত্যার মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবে সরকার। তিনি বলেন, কানাডায় পালিয়ে থাকা নূর চৌধুরী সে দেশের সরকারের কাছে প্রত্যাবাসনপূর্ব ঝুঁকি মূল্যায়নের (প্রি-রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট) আবেদন করেছেন। আবেদনটি এখনো অনিষ্পন্ন রয়েছে। বাংলাদেশ সরকারের নিয়োজিত আইনজীবীরা তা নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন। আবেদনটির নিষ্পত্তি হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রে পলাতক রাশেদ চৌধুরীর ব্যাপারেও একই অবস্থা বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। আইনমন্ত্রীর সভাপতিত্বে টাস্কফোর্সের সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রমুখ।