পলাতকের পক্ষে আদালতে আসবেন না: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

আইনি প্রক্রিয়ায় না আসা পলাতক ব্যক্তির পক্ষে আদালতে উপস্থিত না হতে আইনজীবীদের সতর্ক করে দিয়েছেন হাইকোর্ট।

দুর্নীতির এক মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল ও জামিন আবেদন দায়েরের জন্য এক আইনজীবী আদালতে অনুমতি চান। তখন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এমন অভিমত দেন।

আবেদনকারীর আইনজীবী এম মঈনুল ইসলামের উদ্দেশে আদালত বলেন, ‘আবেদনকারী কোথায় আছেন?’

তখন আইনজীবী বলেন, ‘ভেতরে (কারাগারে) আছেন।’

এ সময় আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘যাঁরা দেশের বাইরে থাকবেন, প্রসিডিংয়ের (আইনি কার্যধারা) বাইরে থাকবেন, তাঁদের আবেদন নিয়ে আসবেন না। এ বিষয়ে সতর্ক থাকবেন। পলাতক ব্যক্তির পক্ষে অ্যাপিয়ার (আদালতে আইনজীবী হিসেবে উপস্থিত থাকা) করবেন না। পলাতকের পক্ষে অ্যাপিয়ার করলে আদালত অবমাননার রুল ইস্যু করে দেওয়া হবে।’

এরপর আইনজীবী এম মঈনুল ইসলামকে আবেদন দায়েরের অনুমতি দেন আদালত।