পলান সরকার পুরস্কৃত
নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর গ্রন্থসুহূদ পলান সরকারকে গতকাল শুক্রবার ‘দশম হোসেন জামাল স্মৃতি পুরস্কার’ দেওয়া হয়।পাঠাগার ভবনে আয়োজিত অনুষ্ঠানে পলান সরকারের হাতে পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন প্রয়াত হোসেন জামালের ভাই কাশেম জামাল। এ ছাড়াও তিনি বই কেনার জন্য পলান সরকারের হাতে আরও ২৫ হাজার টাকার চেক তুলে দেন। প্রয়াত হোসেন জামালের বন্ধু দেলোয়ার হোসেন তাঁকে দেন ১০ হাজার টাকা।পলান সরকার বলেন, যে শিক্ষা মানুষের কল্যাণে আসে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা। সব শিক্ষিত মানুষকে দেশের কল্যাণে তাঁর শিক্ষাকে কাজে লাগাতে হবে।প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, একটি বই মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। রাজশাহীর পলান সরকার ৯০ বছর বয়সেও মানুষের বাড়ি বাড়ি গিয়ে বই বিলি করে জ্ঞানের আলো ছড়াচ্ছেন। সেই আলোতে একদিন সমগ্র বাংলাদেশ উদ্ভাসিত হয়ে উঠবে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী। এতে সভাপতিত্ব করেন সুধীজন পাঠাগারের পরিচালক মুহাম্মদ আইউব।