পলাশ হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

কিশোরগঞ্জের ভৈরবে ছাত্রলীগ নেতা ও আইনজীবী মো. পলাশ (৩৫) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার সকালে ভৈরব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন শোক র্যা লি ও প্রতিবাদ সভা করে এই দাবি জানায়।
গতকাল সকাল সাড়ে ১০টায় শোক র্যা লিটি শহরের কমলপুর নিউটাউন এলাকা থেকে বের হয়ে পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে ভৈরবের ৭৮টি কিন্ডারগার্টেনের শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন। পরে শহীদ মিনার পাদদেশে সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। এতে বক্তারা বলেন, পলাশের আরও একটি পরিচয় ছিল। তিনি ছিলেন একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক। শান্ত ও ভদ্র স্বভাবের এই মানুষটি দুর্বৃত্তদের হাতে প্রাণ হারাতে পারেন, এমনটা ভাবা যায়নি। এখন এটাই সত্য যে শহরের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। পলাশ ছিনতাইকারীর হাতে নাকি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তা পুলিশকে দ্রুত খোলাসা করার তাগিদ দেন বক্তারা। একই সঙ্গে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান তাঁরা।
সভায় ভৈরব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আসাদুজ্জামান, সহসভাপতি এলেক্স আপন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
পলাশের গ্রামের বাড়ি ভৈরব উপজেলার আগানগর দক্ষিণপাড়ায়। তিনি ভৈরব উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। গত সোমবার রাত সোয়া ১১টার দিকে ভৈরব পৌর শহরের চণ্ডীবের পাঠানবাড়িতে যাওয়ার সময় ভৈরবপুর মহল্লার নাটাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন।