পলাশকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগের সাংসদ সারাহ্ বেগম কবরী ও শ্রমিক লীগের নেতা কাউসার আহমেদ পলাশের মধ্যে গত মঙ্গলবার সংঘটিত ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৈঠক হয়েছে। এতে সাংসদ কবরী ছাড়াও আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র সেলিনা হায়াত আইভী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাজিমউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকে সাংসদ কবরী অভিযোগ করেন, ‘গত মঙ্গলবার শ্রমিক লীগ নেতা পলাশ ও তাঁর লোকজন আমার ওপর হামলা চালিয়েছেন।’ কবরী বলেন, একজন নির্বাচিত সাংসদের ওপর হামলা মানে জনগণের ওপর হামলা। রাজনৈতিক দলের ওপর হামলা। যেখানে একজন সাংসদ সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও পলাশের গ্রেপ্তার ও দলীয় ফোরামে পলাশের বিচার দাবি করেন কবরী। কবরী বলেন, ‘নির্বাচনের পর থেকে আমি বা আমার কোনো সমর্থক টেন্ডারবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয়। বরং পলাশ এই এলাকায় জমি দখল, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। তাঁর হাতে ফতুল্লাবাসীসহ ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছে।’ কবরী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও পলাশকে বারবার গ্রেপ্তার করা হয়েছে। এতেই প্রমাণিত হয় পলাশ আগে থেকেই এলাকায় বিতর্কিত কর্মকাণ্ড করে আসছিলেন। সাংসদ কবরী অভিযোগ করেন, ‘আমার ওপর হামলার ঘটনায় থানায় দুটি অভিযোগ করা হলেও পুলিশ তদন্তের অজুহাত দেখিয়ে মামলাটি এখনো তালিকাভুক্ত করেনি।’ পৌর মেয়র আইভী বলেন, পলাশ কিংবা সাংসদ কবরী কেউ দলের বাইরের নন। তাঁরা কোনো ভুল করলে দল ব্যবস্থা নেবে। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আকরামের নেতৃত্বে শিগগিরই বৈঠক করে এ ঘটনায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান আইভী। তিনি আরও বলেন, পলাশ দলীয় সিদ্ধান্ত না মানলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।