পলাশবাড়ীতে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ
দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নীলফামারী সদরের পাঁচটি ইউনিয়নে ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চেয়ারম্যান পদে পলাশবাড়ী ইউনিয়নে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ উঠেছে।
পলাশবাড়ী ইউনিয়নের প্রার্থীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলী প্রামাণিক (আওয়ামী লীগ), ইউনিয়ন বিএনপির সভাপতি জগদীশ চন্দ্র রায় (বিএনপি), ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি চঞ্চল চ্যাটার্জি (জাপা), জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বর্তমান চেয়ারম্যান তপন কুমার রায় (ওয়ার্কার্স পার্টি) ও মো. ইব্রাহিম তালুকদার (স্বতন্ত্র)।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পলাশবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, প্রার্থী ও প্রার্থীর সমর্থকেরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ইজিবাইকে লাগানো মাইকে গ্রামের আনাচকানাচে চলছে প্রচার-প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন হাটবাজার। বিভিন্ন সড়কের ওপর দড়িতে ঝুলছে পোস্টার।
এ সময় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বললে তাঁরা বলেন, প্রার্থী ও প্রার্থীর সমর্থকেরা আসছেন, ভোট প্রার্থনা করছেন। তাঁরা প্রার্থীদের কথা শুনছেন। এর মধ্য থেকেই পছন্দের প্রার্থীকে বেছে নেবেন তাঁরা।
জাপা প্রার্থী চঞ্চল চ্যাটার্জি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী নিজেকে সরকারদলীয় লোক পরিচয় দিয়ে বলছেন, আমাকে ভোট দিলে সরকার এই ইউনিয়নের অনেক উন্নয়ন করবে। তাঁর (আওয়ামী লীগ প্রার্থী) কর্মী-সমর্থকেরা বলে বেড়াচ্ছেন, ভোটের পর কেন্দ্রে গণনা হবে না, উপজেলা পরিষদে ভোট গণনা করা হবে। তাঁরা একটা ভোট পেলেও নাকি চেয়ারম্যান হবেন। বিষয়টি গত সোমবার জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভায় তুলে ধরা হয়েছে।’
ওয়ার্কার্স পার্টির প্রার্থী তপন কুমার রায় বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী নানা অপপ্রচার ও মিথ্যাচার করে বেড়াচ্ছেন। তাঁরা স্লোগান দিচ্ছেন, নূর ভাইয়ের নৌকা। এখানে কি নূর ভাই দাঁড়িয়েছেন? আমার সময়ে বরাদ্দ হওয়া রাস্তা তাঁর সময়কার বলে ভোটারদের কাছে অপপ্রচার করছেন আওয়ামী লীগ প্রার্থী। এটা তো নিন্দা-মন্দার নির্বাচন নয়, রাজনৈতিক আচরণ করতে হবে।’
স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম তালুকদার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থীর ছেলে তাঁর বন্ধুবান্ধব দিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন। তাঁদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী মমতাজ আলী প্রামাণিক বলেন, এসব কথা বিএনপি-জামায়াতের লোকজন ছড়াচ্ছেন। তিনি বিএনপি প্রার্থী জগদীশ চন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জগদীশ চন্দ্র রায় ও তাঁর কর্মীরা ভোটারদের নানা ভয়ভীতি প্রদর্শন করছেন। তাঁরা বলছেন, বিএনপির প্রার্থীকে ভোট না দিলে ভোটের পর বিগত দিনের মতো সহিংসতা শুরু হবে। এ বিষয়ে কথা বলতে জগদীশ চন্দ্র রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা (উপজেলা মৎস্য কর্মকর্তা) আবদুল ওয়াহেদ মণ্ডল বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের লিখিত কোনো অভিযোগ আমার কাছে নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’