পলাশবাড়ীতে আগুনে পুড়ে শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছি গ্রামে আগুনে পুড়ে এক স্কুলশিক্ষক মারা গেছেন এবং তাঁর দুই সন্তান অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষকের নাম নূপুর আক্তার (৩৫)। তিনি আমলাগাছি গ্রামের মশিউর রহমানের স্ত্রী ও আমলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অগ্নিদগ্ধ হওয়া তাঁর দুই সন্তান হচ্ছে নিশাত আক্তার (৪) ও মোছাব্বির (সাত মাস)।
পলাশবাড়ী থানার পুলিশ ও শিক্ষকের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নূপুর আক্তার তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে বাবার বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোররাত চারটার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ওই কক্ষে আগুন লাগে। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসার আগেই তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। প্রতিবেশীরা ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তাঁর দুই ছেলেমেয়ে অগ্নিদগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতে নূপুরের স্বামী মশিউর রহমান নিজ বাড়িতে ছিলেন।