পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের জুমদহ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল রোববার দুপুরে ট্রাকের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রামের রজব আলীর স্ত্রী রানী বেগম (৫০), লেবু মিয়ার ছেলে স্বপন মিয়া (৮) ও বেড়া মালঞ্চ গ্রামের হাসেন আলীর স্ত্রী হাফিজা বেগম (৩৫)।
পুলিশ জানায়, গতকাল দুপুরে কাঠের গুঁড়িবাহী একটি ট্রাক রংপুর থেকে বগুড়া যাচ্ছিল। বেলা দুইটার দিকে ট্রাকটি জুমদহ এলাকায় একটি ভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানের তিন যাত্রী নিহত হন। এ সময় ভ্যানে থাকা অন্য দুই যাত্রী তালুককানুপুর গ্রামের আজাহার আলীর মেয়ে রাফিকা বেগম (১৪) ও পলাশবাড়ী উপজেলার ছোট শিমুলতলা গ্রামের শাহিন মিয়ার মেয়ে সাথী (৮) আহত হয়। দুজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।