পলাশবাড়িতে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬
গাইবান্ধার পলাশবাড়িতে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনসহ পুলিশের ছয়জন সদস্য আহত হন। এ সময় পুলিশের দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। আজ শুক্রবার বিকেলে নয়াবাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ৫ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে পলাশবাড়ি থানার ওসির নেতৃত্বে একটি দল বেলা তিনটার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে থানা থেকে রওয়ানা দেন। তাঁরা নয়াবাজার এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে বিএনপি-জামায়াতের ৫০ থেকে ৬০ জন লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে ওসি নাসির উদ্দিন, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, উপপরিদর্শক বেলাল হোসেন, কনস্টেবল সাইদুর রহমান, মিজানুর রহমান ও গোবিন্দ কুমার আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পলাশবাড়ি থানার উপপরিদর্শক কামরুজ্জামান ‘প্রথম আলো’কে বলেন, ‘হঠাত্ করেই এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে নাসির উদ্দিন ও গোলাম মোস্তফার অবস্থা গুরুতর। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।