পলাশবাড়ী থেকে ফেরত গেল ২৮৯ টন গম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জন্য বরাদ্দ করা টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের ২৮৯ মেট্রিক টন গম ফেরত গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) গাফিলতি, সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে সমন্বয়হীনতার অভাবে যথাসময়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন না হওয়ায় তা ফেরত গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ত্রাণ কার্যালয় সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরে উপজেলায় সাধারণ টিআর (টেস্ট রিলিফ) কর্মসূচির আওতায় দুই দফায় ২৮৯ দশমিক ৫৭৪ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গত মার্চে ১৯১ মেট্রিক টন ও জুনে ৯৮ দশমিক ৫৭০ মেট্রিক টন গম বরাদ্দ পাওয়া যায়। এই বরাদ্দের বিপরীতে মসজিদ, মন্দির, মাদ্রাসা, বিদ্যালয়, ঈদগা, মাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও সংস্কারে ১৩৭টি প্রকল্প হাতে নেওয়া হয়। এসব প্রকল্পের কাজ ২০ জুনের মধ্যে শেষ করার কথা। গত ২২ জুন এসব প্রকল্প অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। ওই দিনই পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের সাংসদ টি আই এম ফজলে রাব্বী চৌধুরী জেলা প্রশাসককে প্রকল্পের অনুমোদন না দেওয়ার জন্য পত্র (ডিও লেটার) দেন। পত্রে বলা হয়, বিধান অনুযায়ী সাংসদের সঙ্গে পরামর্শ করে প্রকল্প তৈরির কথা। কিন্তু উপজেলা চেয়ারম্যান তা করেননি। ফলে প্রকল্পের ২৮৯ মেট্রিক টন গম ফেরত পাঠানো হয়।পিআইও মোতাহার হোসেন গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বলেন, ‘এ নিয়ে পরামর্শ নেওয়ার জন্য সার্কিট হাউসে সাংসদের সঙ্গে আলোচনা করি। তিনি অনুমতি দেওয়ার পর প্রকল্প তৈরি করেছি। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সাংসদের সমর্থকেরা সাধারণ টিআরের অর্ধেক তালিকা দিয়েছেন। এসব তালিকা সমন্বয় করতে প্রকল্পের কাজ বাস্তবায়নে বিলম্ব হয়।’ তিনি আরও বলেন, ‘সাংসদের কারণে উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত হলো। অথচ সাংসদের নামে বরাদ্দ করা বিশেষ টিআর প্রকল্পের কাজ না করেই গম ও টাকা উত্তোলন করা হয়েছে।’ উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর মণ্ডল বলেন, উপজেলা পরিষদের সভার অনুমোদন না নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রকল্প দাখিল করা হয়। ফলে গম ফেরত গেছে। উপজেলা চেয়ারম্যান বলেন, গত ২৯ মে ও ১৬ জুন উপজেলা পরিষদের পৃথক দুটি সভায় প্রকল্পগুলো অনুমোদন করা হয়। এ ব্যাপারে সাংসদ টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।