পলাশবাড়ীতে ইউপি সদস্যের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর বাজারের কাছে মুচির তেকানি এলাকা থেকে গতকাল বুধবার সামছুল ইসলাম ওরফে সাবু (৫৫) নামে এক ইউপি সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সামছুল ইসলাম বেতকাপা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। পুলিশ ও বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোজিফা বেগম জানান, ৯ এপ্রিল রাতে সামছুল ইসলাম বেতকাপার পাশের তালুকজামিরা এলাকায় যাত্রাগান দেখতে যান। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে পাঁচ-সাতজনের একটি দল সামছুল ইসলামকে তুলে নিয়ে যায়। গতকাল সকাল আটটার দিকে স্থানীয় লোকজন মুচির তেকানি এলাকায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বলেন, সামছুল ইসলামের মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। তাঁকে পূর্বশত্রুতাবশত হত্যার পর লাশ ফেলে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামছুল ইসলাম আন্তজেলা ডাকাত দলের সর্দার ছিলেন। তাঁর নামে দেশের বিভিন্ন থানায় হত্যাসহ চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে।