পলাশবাড়ীতে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরে গতকাল শনিবার পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশের এক সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কমপক্ষে ২০টি যানবাহন ভাঙচুর করেন। পরে একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করেন তাঁরা। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল মোত্তালিবসহ অন্য নেতাদের মুক্তির দাবিতে উপজেলা ছাত্রদল গতকাল বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথা মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন নেতা-কর্মীরা। পরে পুলিশ তাঁদের লাঠিপেটা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষে পুলিশের এক সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফুল আলম, মানিক মিয়া, শাহজাহান, সুজা মিয়া, শেফাউল ও মো. সোহেল নামের ছাত্রদলের ছয় কর্মীকে আটক করে।
পরে ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা ঢাকা-রংপুর মহাসড়ক ও গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে কমপক্ষে ২০টি যাত্রীবাহী বাস ও ট্রাক ভাঙচুর করেন। ফলে ঢাকা-রংপুর মহাসড়কে বিকেল তিনটা থেকে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এদিকে সন্ধ্যা ছয়টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গ্রামীণ ব্যাংক এলাকায় রাজশাহী থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জগামী একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করেন নেতা-কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি শান্ত রাখতে উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।