পলাশবাড়ীতে পরিবহনে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরে পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি পরিবহন থেকে ১৫০ থেকে ১৬০ টাকা চাঁদা নেওয়া হচ্ছে। গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি এই চাঁদা আদায় করছে। এ কারণে পরিবহন মালিক ও শ্রমিকেরা হয়রানির শিকার হচ্ছেন।জেলা মোটর মালিক সমিতির সম্পাদক জহুরুল ইসলাম জানান, জেলা মোটর মালিক সমিতি নামে জেলায় নিবন্ধিত একটি বৈধ প্রতিষ্ঠান রয়েছে। নিয়মানুযায়ী জেলায় আর কোনো মালিক সমিতি হওয়ার কথা নয়। কিন্তু পলাশবাড়ীতে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি গঠন করা হয়। সমিতির চেইন মাস্টার হিসেবে পরিচিত মজনু মিয়া, আনারুল ইসলাম, জহুরুল ইসলাম, আবদুস সোবাহান ও দুলা মিয়া চাঁদা আদায় কাজে জড়িত। তাঁরা পলাশবাড়ীতে বসে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে চলাচলকারী পরিবহন থেকে চাঁদা তুলছেন।তিনি আরও জানান, অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে নবগঠিত পলাশবাড়ীর ওই মালিক সমিতির বিরুদ্ধে রাজশাহী শ্রম আদালতে নিষেধাজ্ঞা জারির মামলা করা হয়। আদালত গত ২০ ফেব্রুয়ারি এক আদেশে সব পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। অথচ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন চাঁদা আদায় করা হচ্ছে। গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী একটি জেলায় তিনটি মালিক সমিতি থাকতে পারে। তাই সংশ্লিষ্ট দপ্তর থেকে নিবন্ধন নিয়ে পলাশবাড়ীতে পৃথক মালিক সমিতি গঠন করা হয়েছে। নতুন সমিতির বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ সঠিক নয়। বরং জেলা মোটর মালিক সমিতি পরিবহন থেকে চাঁদা আদায় করছে।