পলাশবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরে গতকাল শুক্রবার পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ অন্তত ৩৮ জন।জামায়াত-শিবিরের কর্মীরা উপজেলার গণজাগরণ মঞ্চসহ শতাধিক দোকান ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে তাঁরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। সংঘর্ষ ও ভাঙচুরে জড়িত সন্দেহে জামায়াত-শিবিরের ১৪ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে দুজনকেই নিজেদের কর্মী বলে দাবি করেছেন পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু বকর। তাঁর দাবি, নিহত একজনের নাম মজনু মিয়া। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন মসজিদ থেকে পলাশবাড়ী সদরের কালীবাড়ি বাজারে সমবেত হন। সেখান থেকে তাঁরা ওলামা-মাশায়েখের ব্যানারে মিছিল বের করেন। মিছিলকারীরা উপজেলার চৌরাস্তা মোড়ে গিয়ে সেখানে নির্মিত গণজাগরণ মঞ্চ ভেঙে ফেলেন। এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয়। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে তাঁরা চৌরাস্তা মোড় ও বাসস্ট্যান্ড এলাকার কিছু দোকানে ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও রাবার বুলেট ছোড়ে। পরে একপর্যায়ে গুলি ছোড়ে পুলিশ। এতে ছয় ব্যক্তি গুলিবিদ্ধ হন। এঁদের গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। অন্য চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে পলাশবাড়ী থানার চারজন পুলিশ কনস্টেবলসহ অন্তত ৩৮ জন জামায়াত-শিবির কর্মী আহত হন। পরে জামায়াত-শিবিরের কর্মীরা পলাশবাড়ীর মহেশপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বেপরোয়াভাবে যানবাহন ভাঙচুর শুরু করেন। এ কারণে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবু হানিফ দুই ব্যক্তির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই ব্যক্তির লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং রাবার বুলেট ও গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।