পলাশবাড়ীতে যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১৮
জুয়ার টাকা ভাগবাটোয়ারা নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে যুবলীগের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে গত বুধবার রাতে পুলিশসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। পুলিশ শটগানের ১০টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে লেবু মিয়া ও জেনারুল নামের দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কয়েকটি স্পটে জুয়া খেলা চলছে। মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহানের নেতৃত্বে নেতা-কর্মীরা কিশোরগাড়ী ইউনিয়নের টেকানিতে জুয়ার চাঁদা আনতে যান। এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ারের নেতৃত্বে যুবলীগের কর্মীরা চাঁদা আনতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়।এ ঘটনার জের ধরে বুধবার রাত সাড়ে আটটার দিকে উভয় দলের নেতা-কর্মীরা উপজেলা শহরের চারমাথায় ঢাকা-রংপুর মহাসড়কে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন। রাত নয়টার দিকে উভয় দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশকোচসহ বেশ কটি বাসে হামলা চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। তারা কয়েকটি দোকান ভাঙচুর করে। রাত ১১টার দিকে মহাসড়ক পুলিশের দখলে এলে যানবাহন চলাচল শুরু হয়।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।