পলাশবাড়ীতে হামলায় ওসিসহ ৬ পুলিশ আহত
গাইবান্ধার পলাশবাড়ীতে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে গতকাল শুক্রবার হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পুলিশের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওসির নেতৃত্বে পুলিশ বিকেল তিনটার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে যান। তাঁরা নয়াবাজারে পৌঁছালে বিএনপি-জামায়াতের ৫০-৬০ জন কর্মী-সমর্থক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ওসি নাসির উদ্দিন, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, উপপরিদর্শক বেলাল হোসেন, কনস্টেবল সাইদুর রহমান, মিজানুর রহমান ও গোবিন্দ কুমার আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, হঠাৎ করেই হামলা চালানো হয়। আহত ব্যক্তিদের মধ্যে নাসির উদ্দিন ও গোলাম মোস্তফার অবস্থা গুরুতর। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।