পলাশী ও ঢাকেশ্বরীতে ফের উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পলাশী ও ঢাকেশ্বরী মন্দির এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে থাকা প্রায় ৬০টি অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় কয়েকটি দোকানের মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। মাত্র এক মাস আগে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্বে একই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার দিকে পলাশী কাঁচাবাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় এই এলাকায় প্রায় ২০টি অস্থায়ী চা-পান, মুরগি ও ফলের দোকান উচ্ছেদ করা হয়। ডিএসসিসির বুলডোজার দেখে মালামাল নিয়ে দ্রুত চলে যায় পাঁচ থেকে ছয়টি ভ্রাম্যমাণ দোকান। দুপুর সাড়ে ১২টার দিকে পলাশীর ঢাকেশ্বরী সড়কে (মৌচাক কলোনির পূর্ব পাশে) অভিযান চালানো হয়। ফুটপাত দখল করে মালামাল রাখায় ছয়টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। বেলা একটার দিকে লালবাগের শহীদ হাজি আবদুল আলিম ঈদগা মাঠের পশ্চিম পাশে সড়কে অবৈধ কাঁচাবাজারের প্রায় ২০টি দোকান মালামালসহ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী ও লালবাগ থানা-পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

জানতে চাইলে নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, উচ্ছেদের কয়েক দিন পরে আবার আগের মতো সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হয়। তাই নিয়মিত এ অভিযান চালানো হবে। জব্দ করা মালামাল পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।