পলাশে অবৈধ অস্ত্রসহ সাংসদের ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী-২ আসনের (পলাশ) সাংসদ আনোয়ারুল আশরাফ খানের ছোট ভাই মাহমুদুল হাসান খান ওরফে ছোটন খানসহ (২৮) তিনজনকে অবৈধ রিভলবার ও ১৪টি গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন পলাশের সুলতানপুর এলাকার মো. আবুল হোসেন ও চরসিন্দুরের মো. মোবারক হোসেন।
পলাশ থানার পুলিশ জানায়, গত শনিবার রাত দেড়টার দিকে মাহমুদুল, আবুল ও মোবারক মোটরসাইকেলে করে চরসিন্দুর বাজার থেকে উত্তর দিকে যাচ্ছিলেন। গভীর রাতে তিনজন একসঙ্গে হওয়ায় পুলিশের সন্দেহ হয়। পরে তাঁদের গতি রোধ করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মাহমুদুলের কাছে একটি বিদেশি রিভলবার ও ১৪টি গুলি পাওয়া যায়। তিনি রিভলবারের কোনো লাইসেন্স দেখাতে পারেননি।
গতকাল রোববার সকালে মাহমুদুলকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পলাশ থানার পুলিশ। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়। সেখানে সাংবাদিকেরা ছবি তুলতে গেলে মাহমুদুল চড়াও হন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এই অস্ত্র আমার না, এটা তুষারের (সাংসদ আনোয়ারুল আশরাফ খানের মেয়ের জামাই ও ভাগনে)।’ এ ব্যাপারে আল মুজাহিদ হোসেন ওরফে তুষার বলেন, ‘মাহমুদুল হাসান সাংসদের সৎভাই। তিনি সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। এ কারণে সাংসদ এ পর্যন্ত তিনবার তাঁকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছেন। আর এর পেছনে আমার হাত আছে বলে মাহমুদুল মনে করেন। তাই ব্যক্তিগত ক্ষোভ থেকে আপনাদের সামনে আমার নাম বলেছেন।’
এ ব্যাপারে জানতে সাংসদ আনোয়ারুল আশরাফ খানের মুঠোফোনে গতকাল একাধিকবার ফোন করার চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়।