নরসিংদীর পলাশ উপজেলা থেকে গত সোমবার সন্ধ্যায় একাধিক মামলার পলাতক আসামি রানা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রানার দেওয়া তথ্য অনুযায়ী একটি বিদেশি রিভলবার ও চাপাতি উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্যমতে, রানা তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪টি মামলা আছে।পুলিশের ভাষ্যমতে, রানা ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বদরুল আলম। পুলিশের উপস্থিতি টের পেয়ে রানা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রানার দেওয়া তথ্য অনুয়ায়ী ওই রাতেই তাঁর বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার ও তাঁর বন্ধু শাওনের বাড়ি থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। শাওনকে গ্রেপ্তার করা যায়নি।