পলাশে জাসদ ও বিশ্বনাথে জাতীয় পার্টির প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী-২ (পলাশ) আসনে আওয়ামী লীগের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খানকে বাদ দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) প্রার্থী জায়েদুল কবিরকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।
এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এবং জাসদের প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে গতকাল শুক্রবার সকালে টঙ্গী-সিলেট আঞ্চলিক সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান আনোয়ারুল আশরাফ খান। কিন্তু গত বৃহস্পতিবার দুপুরে আনোয়ারুলকে প্রতীক বরাদ্দের পত্র না দিয়ে জাসদের মনোনীত প্রার্থী জায়েদুল কবিরকে আওয়ামী লীগের প্রতীক বরাদ্দ দেওয়ার চিঠি দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ পরিপ্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাতে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হন।
সাংসদ আনোয়ারুল আশরাফ খান বলেন, ‘আমাকে বৃহস্পতিবার বিকেলে দলের শীর্ষ পর্যায় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলীয় সিদ্ধান্তে আমি আজ (শুক্রবার) বিকেলে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।’
জাসদের প্রার্থী জায়েদুল কবির বলেন, ‘দলের সভাপতি ও মহাজোটের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করছি, জোটের নেতা-কর্মীরা আমাকে সহযোগিতা করবেন।’
সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর পরিবর্তে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শুক্রবার বিশ্বনাথ উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা ইয়াহিয়া চৌধুরীকে বিশ্বনাথে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
সভায় বক্তারা বলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে প্রতিদ্বন্দ্বিতা করে ইয়াহিয়া চৌধুরী মাত্র চার হাজার ২৮৫টি ভোট পেয়ে পঞ্চম স্থানে ছিলেন। তাই দশম জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে দিয়ে এ আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই।