পলাশে তরুণীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা?
নরসিংদীর পলাশে ধর্ষণ শেষে মণি রানী বিশ্বাস (১৮) নামের এক তরুণীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের একটি সবজির মাচার নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
মণি রানী বিশ্বাস নরসিংদীর রায়পুরা উপজেলার নিশিকান্ত বিশ্বাসের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে পাইকসা গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্রাণ কোম্পানিতে চাকরি করতেন।
জানা গেছে, মণির মা-বাবাও প্রাণ কোম্পানিতে চাকরি করেন। মাত্র এক মাস আগে মেয়েকে প্রাণ কোম্পানির চাকরিতে দেন নিশিকান্ত বিশ্বাস। বাবা ও মেয়ে এক পালায় এবং মা আরেক পালায় কাজ করতেন। রোববার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ শেষে বাসায় ফিরে আসেন বাবা ও মেয়ে। এই সময় মা চলে যান কাজে। বাসায় ফিরে রাত ১০টায় ঘুমাতে যান বাবা-মেয়ে। জানা গেছে, মণিদের বাড়িওয়ালা মৃত শ্যামল ভৌমিকের স্ত্রী শুক্লা রানী ভৌমিক দীর্ঘদিন ধরে মেয়ের বাড়ি নেত্রকোনায় আছেন। এ কারণে মণি তাঁর ঘরেই ঘুমাতেন।
নিশিকান্ত বিশ্বাস বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে মেয়েকে ডাকতে গিয়ে দেখি, ঘরের দরজা খোলা। এরপর এলাকাবাসী আমাকে ঘটনা জানায়।’
মা শেফালী বিশ্বাস বলেন, ‘রোববার রাতে আমার ডিউটি (কাজ) ছিল। সোমবার সকালে ফিরে এসে দেখি মেয়ের গলা কাটা লাশ বাড়ির ১০০ গজ দূরে সবজির মাচার নিচে পড়ে আছে।’
শুক্লা রানী ভৌমিক সকালে বাড়ি চলে আসেন। তিনি জানান, ‘ঘটনার আগের রাতে মণি আমাকে ফোন করে জিজ্ঞেস করে, আমি কবে ফিরব। আমি তাকে বলেছিলাম, সকালে আসব। সকালে এসে তার মৃত্যুর খবর শুনতে পাই।’
খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. গোলাম মোস্তফা ঘটনাস্থল থেকে মণির লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘প্রাথমিক তদন্তে আমাদের ধারণা, মেয়েটির সঙ্গে কারও সম্পর্ক থেকে থাকতে পারে। এই সুযোগে বাইরে ডেকে নিয়ে দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হতে পারে, এই ভয়ে মেয়েটিকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারা। এই ঘটনায় নিহতের বাবা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।’