পলাশে বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. লাল মিয়া। গতকাল সোমবার বিকেলে জয়পুরা গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। আজ মঙ্গলবার এই ইউপির নির্বাচন হচ্ছে।
সংবাদ সম্মেলনে লাল মিয়া বলেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. বদরুজ্জামানের লোকজন আমার নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে, বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করছে। গত রোববার রাতে তার লোকজন আমার বাড়িতেও হামলা চালায়। রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এসব অভিযোগ লিখিতভাবে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। তাই আমার নেতা-কর্মীদের হয়রানি ও নির্যাতনের হাত থেকে বাঁচাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
অভিযোগ অস্বীকার করে বদরুজ্জামান বলেন, ‘তিনি (লাল মিয়া) বিএনপির সমর্থন এনেছেন ঠিকই কিন্তু ওনার দলীয় কোনো সমর্থক কিংবা কর্মী নেই। তাই পরাজয় নিশ্চিত জেনে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অভিযোগ দিয়ে আমার জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন।’