পলাশে বিদ্যালয়ের জায়গায় দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলায় পলাশ পাইলট উচ্চবিদ্যালয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ করছেন কয়েকজন ব্যক্তি। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশ পাঠিয়ে দোকানের কাজ সাময়িকভাবে বন্ধ করেন। কিন্তু পুলিশ চলে গেলে তাঁরা আবারও নির্মাণকাজ শুরু করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৬৮ সালে রাম দয়াল গোপ নামের স্থানীয় এক ব্যক্তি তাঁর ৩৩ শতাংশ জমি ওই উচ্চবিদ্যালয়ের নামে দান করেন। আশির দশকে পলাশ বালুচরপাড়া এলাকার আবদুল লতিফ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তিন শতাংশ জমি ইজারা নিয়ে তিনটি দোকান তৈরি করেন।

লতিফ সাত-আট বছর বিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়মিত ভাড়া দেন। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে ভাড়া দেননি। পরে তিনি এই জমি নিজেদের বলে দাবি করছেন।

সূত্র আরও জানায়, বিদ্যালয়টি পলাশ বাজারে হওয়ায় ওই জমিটির বর্তমান দাম শতাংশপ্রতি প্রায় ২৫-৩০ লাখ টাকা। এ কারণে সম্প্রতি ওই দোকানঘরের পাশে লতিফের তিন ছেলে আলমগীর হোসেন, মনির হোসেন ও মনজুর হোসেন আরও চার শতাংশ জমি দখলের পাঁয়তারা করছেন। স্থানীয়ভাবে তাঁরা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। গত ১৪ এপ্রিল পয়লা বৈশাখের বন্ধের সময় ওই জায়গায় তাঁরা চারটা দোকানঘরের নির্মাণকাজ শুরু করেন। পরে ১৫ এপ্রিল বিদ্যালয়ের শিক্ষকেরা কাজ বন্ধ রাখার অনুরোধ জানালে দখলদারেরা শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন ভয়-ভীতি দেখান ও গালিগালাজ করেন।

এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে গত বৃহস্পতিবার লিখিত আবেদন করে। জেলা প্রশাসক বিষয়টি ইউএনওকে জানান। পরে ইউএনও গত শনিবার ঘটনাস্থলে পুলিশ পাঠালে দখলদারেরা নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখেন। কিন্তু পুলিশ চলে গেলে আবার কাজ শুরু করেন প্রভাবশালীরা। পরে রাতে বিদ্যালয় কর্তৃপক্ষ সাবেক সাংসদ আনোয়ারুল আশরাফ খানের কাছে অভিযোগ করেন। আনোয়ারুল আশরাফ খান দখলদারদের সঠিক কাগজপত্র দেখাতে বললে তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ওই সময় তিনি দখলদারদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, তাঁরা যেভাবে জমি দখলে নেমেছেন, তাতে বিদ্যালয়ের আর কোনো জমিই থাকবে না। তাঁদের বাধা দিতে গেলেই হুমকি ও গালিগালাজ করেন। 

এ ব্যাপারে আলমগীর মিয়া সাংবাদিকদের বলেন, ‘রাস্তার পাশের দোকানঘরটি দীর্ঘদিন ধরে আমাদের দখলে। তাই এর পেছনে দোকানঘর নির্মাণ করছি। কারণ, এটা কারও জমি নয়। যদি স্কুল কর্তৃপক্ষ সঠিক কাগজপত্র দেখাতে পারে তাহলে আমরা জায়গা ছেড়ে দেব।’

ইউএনও নাছিমা বেগম জানান, দখলকারীদের নির্মাণকাজ সাময়িক বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আর জমিটুকুর সঠিক কাগজপত্র দেখে স্থানীয় জরিপকারককে (সার্ভেয়ার) তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।