পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আফজাল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ জেলার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও নিহত আফজালের পরিবারের সদস্যরা জানায়, আফজাল হোসেন স্থানীয় চরসিন্ধুর বাজারে মাংসের ব্যবসা করতেন। গত সোমবার রাতে বাজার থেকে বাড়িতে ফেরার পথে একই এলাকার শাহিন মিয়া ও লিটন মিয়া নামে দুই যুবকের সঙ্গে ব্যবসায়িক ব্যাপারে তাঁর কথাকাটাকাটি হয়। আফজাল বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানিয়ে আবার চরসিন্ধুর বাজারের উদ্দেশে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। গতকাল সকালে বাড়ির পাশের জঙ্গলে আফজালের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পলাশ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শাহিন মিয়া ও লিটন মিয়ার সঙ্গে কথা বলা যায়নি। তবে তাঁদের পরিবারের সদস্যরা জানিয়েছে, সোমবার রাতে আফজাল হোসেনের সঙ্গে শাহিন ও লিটনের তর্ক হওয়ার কথা তারা শুনেছে। কিন্তু তাঁরা কেউ আফজালকে মেরে ফেলতে পারেন তা বিশ্বাসযোগ্য নয়।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ব্যাপারে নিহত আফজালের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে মামলা করেছেন। মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।