পলাশে যুবককে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলায় এক যুবককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝালঘাটি বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাজমুল হোসেন (২৫)। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের আরজু মিয়ার ছেলে। এ সময় উপস্থিত লোকজন সুমন নামের এক খুনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। এদিকে এ ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার শত শত উত্তেজিত লোক সন্ত্রাসীদের ৮-১০টি বাড়িঘর ভাঙচুর করে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে ইউনিয়নের ঝালঘাটি বাজারে নাজমুল বাজার করতে যান। এ সময় নাজমুল কিছু বুঝে ওঠার আগেই পেছন দিক থেকে তারেক মিয়া, সুমন মিয়া, স্বপন মিয়া, নাজমুল হোসেন নামের কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে নাজমুলকে জবাই করে। এরপর স্থানীয় শাজাহান মিয়ার ছেলে সুমন নাজমুলের মাথা নিয়ে উল্লাস করার সময় বাজারের লোকজন তাকে চারদিক থেকে ঘিরে আটক করে। এসময় অপর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুমনকে থানায় নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনার প্রতিবাদে এলাকায় ব্যাপক ভাঙচুর চলছিল।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।