পলাশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশে ডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মো. ইকবাল নির্বাচন বর্জন করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ইউনিয়নের বিরিন্দা এলাকার নিজ বাড়িতে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সৈয়দ মো. ইকবাল অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের সমর্থকেরা সকালে আমার লোকজনকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। বিরিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার নিজের ভোটকেন্দ্র। সেখানেও আমি আমার নিজের ভোটটি দিতে পারিনি। এই হচ্ছে আওয়ামী লীগ সরকারের গণতন্ত্র। রাতেই তাঁরা ব্যালটে ভোট মেরে রেখেছে। যেগুলো বাকি ছিল, সেগুলো এখন প্রকাশ্যে মারছে। সবগুলো কেন্দ্রে বহিরাগত লোকজন।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাবেরুল হাইয়ের সমর্থক যুবলীগ নেতা সজল মিয়া ও হেলাল মিয়ার নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে ৫০/৬০ জনের একদল ব্যক্তি আমার বাড়িতে ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। চলে আসার সময় তাঁরা বলেন, আমার পরিবারের কাউকে নির্বাচনী মাঠে দেখা গেলে অপহরণ করে গুম করে ফেলা হবে। এসব কারণে আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।’

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাবেরুল হাই বলেন, ‘পরাজয় নিশ্চিত হয়ে কেউ নির্বাচন বর্জন করলে আমি কী করতে পারি?’

এর আগে গতকাল সোমবার বিকেলে একই উপজেলার গজারিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. লাল মিয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন।