পলাশে হামলায় বিএনপির অনুষ্ঠান পণ্ড, ছয় কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও তাঁতীলীগের কর্মী-সমর্থকদের বাধা আর হামলায় নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। হামলায় বিএনপির ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে পলাশের ঘোড়াশাল পৌর বিএনপি পলাশ বাসস্ট্যান্ডে আলোচনা সভার জন্য বড় মঞ্চ তৈরি করে। এ জন্য ব্যাপক প্রচারও চালানো হয়। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আওয়ামী লীগের কিছু সমর্থক এসে ওই মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে। এই অবস্থায় বিএনপি কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।গতকাল সকাল নয়টার দিকে বিএনপির নেতা-কর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। ১০টার দিকে আওয়ামী লীগ ও তাঁতীলীগের সমর্থকেরা সভাস্থলে এসে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় সভাস্থলে হইচই শুরু হয়ে যায়।ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আবদুস ছাত্তার জানান, আওয়ামী লীগের হামলায় ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলম মোল্লা, পৌরসভার দুই নম্বর ওয়ার্ড শাখা যুবদলের সভাপতি মো. বাছেদ, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, বিএনপির কর্মী মোশাররফ হোসেনসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আলম মোল্লার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।বিএনপির নেতা-কর্মীদের মারধরসহ মঞ্চ ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে ঘোড়াশাল পৌর তাঁতীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মৃধা বলেন, ‘আজকের সামান্য অপ্রীতিকর ঘটনার জন্য বিএনপি দায়ী। কারণ, সেখানে প্রশাসনের অনুমতি নিয়ে আমরা অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু পৌর বিএনপি একই স্থানে তাদের কর্মসূচি আহ্বান করে উত্তেজনা ডেকে আনে। এই অবস্থায় বিএনপিকে বাধা দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না।’অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক বলেন, পলাশ বাসস্ট্যান্ড এলাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজনের জন্য তাঁতীলীগ প্রশাসনের অনুমতি নেয়। বিএনপির কোনো অনুমতি ছিল না। অনুমতিবিহীন অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আমরা গিয়ে বিএনপির নেতা-কর্মীদের নিরাপদে সরিয়ে দিই।