যশোরের ভবদহ অঞ্চলের পানি সরানোর জন্য মাত্র দুটি এক্সকাভেটর যন্ত্র দিয়ে স্লুইসগেট ও হরিহর নদের পলি কাটা হচ্ছে। যা চলছে অত্যন্ত ধীরগতিতে। এভাবে কাজ চলতে থাকলে আগামী ছয় মাসেও পানি সরানো যাবে না। ভবদহ অঞ্চলের ভয়াবহতা বিবেচনায় নিয়ে পলি অপসারণের জন্য অন্তত আটটি যন্ত্র নামাতে হবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও পানি ব্যবস্থাপনা বিষয়ে নদী আন্দোলনের ছয়টি সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও আন্দোলন কমিটিগুলোর উপদেষ্টা ইকবাল কবির লিখিত বক্তব্যে এ দাবি জানান। ওয়ার্কার্স পার্টির যশোর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
অবিলম্বে পানি সরাতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইকবাল কবির বলেন, যশোরের দুঃখ ভবদহ অঞ্চলের মানুষ এক মাস ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে। পানি সরানোর জন্য ভবদহ গেট ও হরিহর নদে দুটি এক্সকাভেটর যন্ত্র নামানো হয়েছে। যা প্রায় বিকল হয়ে যাচ্ছে। কাজে অত্যন্ত ধীরগতি।
সম্মেলন থেকে জানানো হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে সামগ্রিক প্রস্তাব উত্থাপনের জন্য আগামী ২২ অক্টোবর যশোরে কনভেনশন করা হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরার তালা আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অনিল বিশ্বাস, কমিটির কেশবপুরের আহ্বায়ক আবু বকর সিদ্দিকী, ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী, মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল কুমার বিশ্বাস, ভৈরব সংস্কার আন্দোলনের ইলাহদাদ খান, আহসানউল্লাহ ময়না, জিল্লুর রহমান, মোফাজ্জেল হোসেন প্রমুখ।