পলিটেকনিক ইনিস্টিটিউটে ভাঙচুর
চাঁদপুরের কচুয়া উপজেলায় পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কক্ষ ও প্রশাসনিক ভবনে হামলা এবং ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর আগে অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম জানান, আরিফ, মাহমুদ, সাদ্দাম ও শামীমের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী গত শনিবার ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক আবুল বাসেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। এর জের ধরে গতকাল সকালে অভিযুক্ত ওই শিক্ষার্থীদের নেতৃত্বে ১৫-২০ জন অধ্যক্ষের কক্ষসহ প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান। পরে অধ্যক্ষসহ কয়েকজনকে দুই ঘণ্টা তালাবদ্ধ করে রাখা হয়।ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি, তাঁরা কলেজে আর্সেনিকমুক্ত নলকূপ বসানো, শহীদ মিনার নির্মাণে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি এবং অতিরিক্ত সেশন ফি আদায় বন্ধের দাবিতে গতকাল শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। এ সময় অধ্যক্ষের নির্দেশে পুলিশ সাধারণ ছাত্রদের হয়রানি শুরু করলে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।