পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও নিস্তার মেলেনি এই পুলিশ সদস্যের। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে গতকাল জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ভূমি অফিসের সামনে তাঁর  ওপর হামলা চালানো হয়। বেলা পৌনে একটায় তোলা ছবি । এম সাদেক
গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও নিস্তার মেলেনি এই পুলিশ সদস্যের। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে গতকাল জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ভূমি অফিসের সামনে তাঁর ওপর হামলা চালানো হয়। বেলা পৌনে একটায় তোলা ছবি । এম সাদেক

পেশাগত বৈষম্য নিরসন ও সুপারভাইজিং পদ পরিবর্তনসহ দুই দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল রোববারও ব্যাপক সহিংসতা চালিয়েছেন। চলমান সংকট নিয়ে আজ সোমবার সভা আহ্বান করেছে গৃহায়ণ ও গণপূর্ত এবং শিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ না নিয়ে ছাত্ররা গতকাল ক্যাম্পাসসহ অনেক স্থানে বিক্ষোভ, ভাঙচুর, পুলিশ ফাঁড়িতে আগুন ও সড়ক অবরোধ করেন। এসব ঘটনায় পুলিশসহ প্রায় আড়াই শ ব্যক্তি আহত ও ৬৪ জন আটক হন। প্রকৌশলীর সংজ্ঞায় ডিপ্লোমা প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করে ২০০৮ সালের বিতর্কিত গেজেট সংশোধন এবং ছাত্রদের বৃত্তি ও প্রশিক্ষণ ভাতা বাড়ানোর দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানীতে গতকাল ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নিয়ে প্রায় সব শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন। বেলা ১১টার দিকে মিরপুরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সাত-আটটি গাড়ি ভাঙচুর করেন। কুমিল্লা-কোটবাড়ী সড়ক অবরোধ ও যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাঁরা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি এবং ইনস্টিটিউটের সামনে থাকা দুটি মোটরসাইকেল ও পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেন। পুলিশ বাধা দিতে গেলে তাঁরা পুলিশকে বেধড়ক পিটুনি দেন। এতে পুলিশের নয়জন সদস্য জখম হন। পরে শিক্ষার্থীরা বিজয়পুর ইউনিয়ন ভূমি অফিসের নথিপত্র তছনছ ও এর জানালা ভাঙচুর করেন।

সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত দফায় দফায় ওই সংঘর্ষে পুলিশ ও শিক্ষার্থীসহ কমপক্ষে ৩০ জন আহত হন। বিকেলে অবস্থার অবনতি হলে কনস্টেবল আবু রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালীতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে দুই সাংবাদিক ও পুলিশসহ অন্তত ১০০ জন আহত হন। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের একটি মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। গুরুতর আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ এ ঘটনায় ২৬ জন ছাত্রকে আটক করে।

রাজশাহীতে মহিলা পলিটেকনিকের ছাত্রীদের লাঠিপেটা করে পুলিশ। আন্দোলনকারীরা তাঁদের নির্ধারিত পরীক্ষা বর্জন করেন। মহিলা পলিটেকনিকের শিক্ষার্থীরা জানান, সকাল আটটা থেকে তাঁরা ইনস্টিটিউটের বাইরের গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে তালা ভেঙে ভেতরে ঢুকে ছাত্রীদের লাঠিপেটা করে এবং রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ২০ ছাত্রী আহত হন।

সিরাজগঞ্জে শিক্ষার্থীরা সিরাজগঞ্জ-কাজীপুর সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সদর থানার এসআই সাজ্জাদ হোসেনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের দুই শতাধিক শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এখানে চারজনকে আটক করে পুলিশ।

লক্ষ্মীপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। বিক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে ঢাকা-রায়পুর ও রামগতি সড়ক অবরোধ করেন। তাঁরা ১০টি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ এবং কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রংপুর শহরে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ১২টি মাইক্রোবাস, অটোরিকশা ও তিনটি ভবনের জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে ১০ শিক্ষার্থী আহত হন। পুলিশ ১৭ জনকে আটক করে।

অবরোধ, ভাঙচুর ও বাধার মুখে বগুড়ার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক হাজার ১০০ শিক্ষার্থীর পরীক্ষা ভণ্ডুল হয়ে গেছে। সকাল ১০টায় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের চেষ্টা করলেও শিক্ষার্থীরা ইনস্টিটিউটের ভেতরে-বাইরে ব্যাপক ভাঙচুর চালান। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, গাড়ি ভাঙচুরের সময় চার ছাত্রকে আটক করা হয়। এদিকে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন প্রথম আলোকে জানান, আজ সোমবার থেকে প্রতিটি পরীক্ষার দিন বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা এবং কলেজের প্রধান ফটক ও অধ্যক্ষের অফিসে তালা ঝুলিয়ে দেন। বেলা ১১টার দিকে জামায়াত পরিচালিত দিশারী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা শহরের বাইপাস মোড়ে গাড়ি ভাঙচুর শুরু করেন। গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ পাঁচ শিক্ষার্থীকে আটক করে।

কুড়িগ্রামে চূড়ান্ত পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা সকাল ১০টায় ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে সমবেত হন। সেখানে মানববন্ধন ও পরে সমাবেশ করে আগামী এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার পরীক্ষা বর্জন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আসন্ন সব পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দেন।

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চূড়ান্ত পর্বের পরীক্ষা বর্জন করেন। ফরিদপুরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জন করে শহরে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে একটি বাস ও চারটি অটোবাইক ভাঙচুর করা হয়। পুলিশ পাঁচ শিক্ষার্থীকে আটক করে। পাবনায় পরীক্ষা বর্জন করে ইনস্টিটিউট ক্যাম্পাসে দিনভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ঠাকুরগাঁওয়ে সকাল ১০টার দিকে ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বেলা ১১টার দিকে তাঁরা দুটি বাসের জানালার কাচ ভাঙচুর করেন। এদিকে বাস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে শহরের আর্ট গ্যালারি মোড়ের সড়কে এলোপাতাড়ি বাস রেখে সড়ক অবরোধ করেন বাসশ্রমিকেরা।

বেলা ১১টার দিকে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের দুই শতাধিক শিক্ষার্থী শহরে বিক্ষোভ মিছিল করেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় একটি ট্রাক, একটি বাসসহ অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করেন।

চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার চার রাস্তার মোড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় অক্সিজেন এলাকা থেকে আসা প্রায় ১৫-২০টি গাড়ি ভাঙচুর করেন তাঁরা।

 ভোলায় ভোলা-চরফ্যাশন সড়ক সাত ঘণ্টা অবরোধ, ক্যাম্পাস, শিক্ষক ও অধ্যক্ষের কক্ষ অবরোধ করাসহ সমাপনী পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা।

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষে এক পুলিশসহ ১৫ ছাত্র আহত হন। ছাত্ররা কলেজে ব্যাপক ভাঙচুর করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং চারটি গাড়ি ভাঙচুর করেন।

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বেলা ১১টার দিকে সংঘর্ষে ১০ ছাত্র আহত হন। ভাঙচুর করা হয় অন্তত ১০টি যানবাহন, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কার্যালয়ের কম্পিউটার, দুটি মোটরসাইকেল এবং বাংলাদেশ কম্পিউটার ম্যানেজমেন্ট কলেজের (বিসিএমসি) কয়েকটি কক্ষের জানালার কাচ ভাঙচুর করা হয়। মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ৪২০ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন।

আজ মন্ত্রণালয়ে সভা: পলিটেকনিক ইনস্টিটিউটের চলমান সংকট নিয়ে আজ সোমবার সভা আহ্বান করেছে গৃহায়ণ ও গণপূর্ত এবং শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, সভায় ছাত্র ও শিক্ষক নেতাদেরও ডাকা হয়েছে। সচিব বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক।’

এ প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক ঢাকা, কুমিল্লা, রংপুর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, রাজশাহী, সাতক্ষীরা, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, ভোলা, ফরিদপুর, যশোর ও পাবনা অফিস এবং মুন্সিগঞ্জ, বগুড়া, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, শেরপুর ও চাঁদপুর প্রতিনিধি।