পলিটেকনিক ছাত্রের অপহরণ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছায় নিখোঁজ হয়ে অপহরণ নাটক সাজাতে গিয়ে নিজেই ফেঁসে গেল পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র। শুক্রবার সন্ধ্যায় মো. ইসমাইল রাসেল (২১) নামে কথিত অপহূত ওই ছাত্রকে উদ্ধার করে পুলিশ। এর আগে ইসমাইল তার বাবা-মায়ের কাছে তাকে অপহরণ করা হয়েছে বলে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। জানা গেছে, ১১ জুলাই ইসমাইল রাসেল টেরিবাজারে বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে যায়। সেখান থেকে সে নিখোঁজ হয়। পরদিন তার বাবা মো. মিরাজ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। ইসমাইল নগরের ডবলমুরিং থানাধীন মাঝিরঘাট এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইল নিজের ব্যবহূত সিমকার্ডটি ফেলে এয়ারটেলের নতুন একটি সিমকার্ড ব্যবহার শুরু করে। সে নগরের কেসি দে রোডের একটি আবাসিক হোটেলের কক্ষে ওঠে। সেখান থেকে কণ্ঠ পরিবর্তন করে অপহরণকারী সেজে তার মায়ের কাছে ফোন করে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করে। পরে শুক্রবার সন্ধ্যায় নগরের টাইগারপাসে টাকা দেওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা পুলিশ ইসমাইলকে আটক করে। ইসমাইল টাকা নিয়ে অপহরণকারীদের দিয়ে ফিরে আসার কথা জানায়।অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বলেন, ‘ইসমাইল ল্যাপটপ কেনার জন্য এই অপহরণ নাটক সাজায়। সে সেচ্ছায় নিখোঁজ হয়ে হোটেলে অবস্থান নেয়। পরে নিজেই তার মায়ের কাছে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করে।’ পরে ইসমাইলকে মুচলেকা নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।