পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল সোমবার সকালে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ দিনের মধ্যে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মজীবনে প্রবেশের পদবি হিসেবে সহকারী প্রকৌশলী পদের সরকারি গেজেট প্রকাশের আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় পরীক্ষা বর্জনসহ সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টা ২০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত ইনস্টিটিউটের সামনের সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে তাঁরা অবরোধ তুলে নেন।
সড়ক অবরোধ প্রসঙ্গে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মো. হেদায়েত উল্লাহ বলেন, ‘আমাদের কর্মসূচি শুধু পরীক্ষা বর্জন, কোনো ধরনের সড়ক অবরোধ অথবা বিশৃঙ্খলা সৃষ্টি নয়। এটা আসলে বিক্ষুব্ধ কিছু শিক্ষার্থী নিজ উদ্যোগেই করেছেন।’ নাসিরাবাদ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সালেহ আহমেদ পরীক্ষা বর্জনের কথা স্বীকার করেছেন।