পলিটেকনিকের ঘটনায় কারও ইন্ধন থাকলে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজবের ওপর ভিত্তি করে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে আন্দোলনের ঘটনার পেছনে কারও ইন্ধন থাকতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এর পেছনে মহল বিশেষের উসকানি থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ে গতকাল রোববার পলিটেকনিক ইনস্টিটিউট-গুলোতে সাম্প্রতিক আন্দোলন পরিস্থিতি নিয়ে আন্তমন্ত্রণালয় সভায় এ কথা বলা হয়। ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা অবনমন করা হয়েছে—এমন গুজবের ভিত্তিতে কয়েক দিন ধরে আন্দোলন করছে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা।সভা শেষে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের বলেন, সরকার ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা নামিয়ে দেয়নি। পদমর্যাদার কোনো পরিবর্তনও হয়নি। সরকারের এ ধরনের পরিকল্পনাও নেই। সরকারের পক্ষ থেকে বিষয়টি বলার পরও বিষয়টিকে পুঁজি করে উত্তেজনা ছড়ানো হয়েছে। এতে কারও ইন্ধন থাকতে পারে। মহল বিশেষের উসকানি থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সচিব জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা ও কারিগরি বিষয়ের শিক্ষাগত সমস্যা সমাধানে দুটি কমিটি গঠন করা হয়েছে। পেশাগত সমস্যা সমাধানে গঠিত কমিটির প্রধান করা হয়েছে গৃহায়ণ ও গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেনকে। এই কমিটি পেশাগত সমস্যা চিহ্নিত করে আগামী এক মাসের মধ্যে সুপারিশ করবে। শিক্ষাগত সমস্যা সমাধানে গঠিত কমিটির প্রধান করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীকে। এ কমিটিকেও এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।শিক্ষাসচিবের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেন, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নূরুল হুদা, ইনস্টিটিউশন অব ডিপ্ল্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সভাপতি এ কে এম এ হামিদ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমদ ভূঞা, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আহসানুল হক খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক খান রিজাউল করিম প্রমুখ।এদিকে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইদরীস আলী ও সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সিকদার গতকাল এক বিবৃতিতে গুজবে কান না দেওয়ার জন্য পলিটেকনিকের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।