পলিটেকনিকের শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন অব্যাহত
সুপারভাইজার পদের পরিবর্তে সহকারী প্রকৌশলী পদের দাবিতে চট্টগ্রামে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সকালে তাঁদের নির্ধারিত পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন।
এ সময় নগরের নাসিরাবাদ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে সড়কে বিক্ষোভ করেন। গত সোমবারও তাঁরা একই কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মো. হেদায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবি মেনে নেওয়ার কোনো আশ্বাস না পাওয়ায় পরীক্ষা বর্জন কর্মসূচি চালু রেখেছি।’ দাবি পূরণ না হলে আজ বুধবারের পরীক্ষাও বর্জন করা হবে বলে জানান তিনি।
ডিপ্লোমা শিক্ষার্থীরা কর্মজীবনে প্রবেশের সময় সুপারভাইজার পদবির পরিবর্তে সহকারী প্রকৌশলী পদবির দাবিতে আন্দোলন করে আসছেন।
গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাকাছাপের যৌথ সভায় দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১৫ দিনের জন্য আন্দোলন স্থগিত করে পরিষদ। কিন্তু সরকারি ঘোষণার ১৫ দিন পার হলেও এ-সংক্রান্ত গেজেট প্রকাশ না করায় শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামেন।