পলিটেকনিক্যালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে নামিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল বুধবার চট্টগ্রামে আধ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নগরের ষোলশহর দুই নম্বর মোড়ে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। দেখা গেছে, প্রায় এক হাজার শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নেন। আকস্মিক অবরোধের কারণে সড়কটিতে যানজট দেখা দেয়। এ সময় বহু মানুষ দুর্ভোগের শিকার হয়। শিক্ষার্থীরা সড়কের মোড়ে টায়ারে আগুন লাগিয়ে দেন। তাঁরা সিমেন্টের তৈরি দিকনির্দেশক ছোট ছোট স্তম্ভ এলোপাতাড়ি ছড়িয়ে দিয়ে অবরোধ সৃষ্টি করেন। আন্দোলনকারীরা তাঁদের পদমর্যাদা আগের অবস্থানে নেওয়ার দাবি জানান। পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) শেখ শরীফুল ইসলাম বলেন, ‘আমরা তাঁদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরামর্শ দিয়েছি। এরপর তাঁরা অবরোধ তুলে সরে যায়।’