পলিথিন উত্পাদনের যন্ত্রপাতি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর দেওরা বাদাম এলাকায় গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর আকস্মিক অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ নিষিদ্ধঘোষিত পলিথিন তৈরির কারখানা আবিষ্কার করেছে। ওই পাঁচটি কারখানা থেকে আনুমানিক দুই কোটি টাকা মূল্যের পলিথিন তৈরির যন্ত্রপাতি ও সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন এস এম হেলাল উদ্দিন, কবির হোসেন ও মো. রাসেল।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, টঙ্গীর দেওরা বাদাম এলাকায় দীর্ঘদিন ধরে পাঁচটি কারখানা নিষিদ্ধঘোষিত পলিথিন তৈরি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে পরিবেশ অধিদপ্তর ও র্যাব-১-এর সদস্যরা গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালান। এ সময় ওই এলাকার পাঁচটি কারখানার সন্ধান পান তাঁরা। পরে ওই পাঁচটি কারখানা থেকে দুই কোটি টাকার পলিথিন উত্পাদনের যন্ত্রপাতি জব্দ করা হয়। এর মধ্যে ২০ লাখ টাকার মালামাল পরিবেশ অধিদপ্তরে নিয়ে যাওয়া হয়। একই সময়ে পাঁচটি কারখানা সিলগালা ও এস এম হেলাল উদ্দিন, কবির হোসেন ও মো. রাসেল নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে পাঁচটি কারখানার বিদ্যুত্-সংযোগ ডেসকোর কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় বিচ্ছিন্ন করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, পরিবেশ ছাড়পত্রবিহীন নিষিদ্ধঘোষিত কারখানায় বিদ্যুত্-সংযোগ দেওয়ার জন্য ডেসকো, টঙ্গীর (পশ্চিম) সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামীকাল (আজ মঙ্গলবার) পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে।