পলিথিন ও ভেজা পাট রাখার দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীর টরকী বন্দরে গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালিয়ে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন। ভেজাল ও বাসি-পচা খাবার বিক্রি ও বিক্রি-নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। একই দিন ভেজা পাট মজুদ রাখার দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নয় ব্যবসায়ীর কাছ থেকে আদালত ৪১ হাজার টাকা আদায় করেন। বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালিয়েছেন। এ সময় আদালত ভেজাল ও বাসি-পচা খাবার রাখার দায়ে মিষ্টি বিক্রির কয়েকটি দোকানের মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে আদালত ওই বন্দরের মদিনা স্টোর ও সুনীল স্টোর থেকে প্রায় ১০ হাজার টাকা মূল্যের বিক্রি-নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। পলিথিন মজুদ ও বিক্রির দায়ে ওই দুই ব্যবসায়ীর কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজারে পাটের আড়তে অভিযান চালায়। এ সময় ভেজা পাট মজুদ রাখার দায়ে আলমডাঙ্গা শহরের লালব্রিজ মোড়ের আড়তদার মহিউদ্দিনকে ছয় হাজার, এলাহীনগরের খলিলুর রহমানকে তিন হাজার, হারদী বাজারের শামসুল হককে চার হাজার, যাদবপুরের আকরাম হোসেনকে চার হাজার, কালিদাসপুরের ফিরোজ হোসেনকে পাঁচ হাজার, আকতার হোসেনকে পাঁচ হাজার ও রওশন আলীকে পাঁচ হাজার, ডম্বলপুর গ্রামের আবদুল ওহাবকে পাঁচ হাজার এবং হাউসপুরের বাদল রশিদকে চার হাজার টাকা জরিমানা করেন।