‘অবৈধ পলিথিন কারখানা নির্মূল অভিযান’ নামের নতুন অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। গত সোমবার শুরু হওয়া অভিযানের আওতায় পলিথিন কারখানার যন্ত্র টুকরো টুকরো করে জঞ্জাল (স্ক্র্যাপ) আকারে জব্দ করা হচ্ছে। অন্যদিকে কারখানার বিদ্যুৎ-সংযোগ কেটে দিতেও ডেসকোকে নির্দেশ দিয়েছে অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ওই অভিযানের আওতায় গাজীপুর জেলার টঙ্গীর ফারুক এন্টারপ্রাইজ নামের একটি অবৈধ পলিথিন ব্যাগ কারখানা উচ্ছেদ করা হয়। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) বিভাগের নির্দেশে গাজীপুর পুলিশ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি দল ওই কারখানায় অভিযান চালায়। পরে তাঁরা কারখানার সব ভারী যন্ত্রপাতি ও পলিথিন তৈরির সরঞ্জাম যন্ত্র দিয়ে কেটে স্ক্র্যাপে পরিণত করেন। অভিযানের পর কারখানাটি সিলগালা করে যন্ত্রপাতি জব্দ করা হয়। কারখানা থেকে ১০ টন ভারী যন্ত্রপাতি ভেঙে ও খুলে দুটি ট্রাকে করে সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরে আনা হয়। এখন থেকে সব অভিযানের ক্ষেত্রে পলিথিন কারখানার যন্ত্রপাতি কেটে স্ক্র্যাপে পরিণত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনির চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, এই অভিযানের মধ্য দিয়ে দেশ থেকে পলিথিন ব্যাগের উৎস শিকড়সুদ্ধ উৎপাটন করা হবে।সূত্র জানিয়েছে, ইতিমধ্যে দেশের সব পলিথিন কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে ডেসকোকে চিঠি দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা, গাজীপুর, টঙ্গী, সাভারে পলিথিন কারখানার অবস্থান চিহ্নিত করেছে অধিদপ্তর। ঢাকা জেলায় প্রায় ৫০০ পলিথিন কারখানা রয়েছে।নতুন এই অভিযানের আওতায় সোমবার টঙ্গী এলাকার পাঁচটি অবৈধ পলিথিন ব্যাগ কারখানা বন্ধ করে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে অধিদপ্তর। সেখান থেকে ৪০ টন যন্ত্রপাতি জব্দ করা হয়। ওই চার প্রতিষ্ঠান থেকে ছয় লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ পলিথিন কারখানায় কীভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে, তা জানতে চেয়ে স্থানীয় ডেসকোর প্রকৌশলীকে তলব করা হয়। এরপর টঙ্গী এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয় অধিদপ্তর। পাশাপাশি অবৈধ সংযোগ দেওয়ার জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়।