আঠারো মাসের মাথায় কপর্দকশূন্য হয়ে স্বামী দুবাই থেকে দেশে ফিরলেন। সবার চোখে বিষ হয়ে গেলেন নিমেষে। স্বামীকে নিয়ে আশ্রয় নিলেন বাবার বাড়িতে। সেখানেও পরিবার-পরিজনের কটাক্ষ সইতে হলো। দোষ একটাই। স্বামী তাঁর খালি হাতে দেশে ফিরেছেন।এভাবে কেটে গেল ৯-১০টি বছর।বেকার স্বামী, অভাবের সংসার সব মিলিয়ে হাঁফ ধরে গিয়েছিল সালমা আক্তারের (৩৫)। স্বামী-স্ত্রী দুজনে মিলে ঠিক করলেন সুতা জড়ানোর ববিন তৈরি করবেন তাঁরা। বেসরকারি একটি সংস্থা থেকে ঋণ নিয়ে ববিন তৈরির মেশিন কিনলেন। প্লাস্টিকের ববিন তৈরিতে প্রচুর পলিথিন লাগে। কুড়িয়ে আনলেন পরিত্যক্ত পলিথিন, ধার করলেন একটি চাপড়ি মেশিন। শুরু হলো ববিন বানানোর কাজ।দিন-রাত কঠোর পরিশ্রম করলেন স্বামী-স্ত্রীতে। কয়েক মাসেই দাঁড়িয়ে গেল তাঁদের ব্যবসা। এক বছরের মাথায় ঋণ শোধ করে একটি চাপড়ি মেশিনও কিনলেন। এরপর আর দারিদ্র্যের কাছে মাথা নোয়াতে হয়নি সালমা ও তাঁর স্বামী আবুল কালামের (৪২)। ১০ বছরের মাথায় তাঁদের এখন লাখ লাখ টাকার ব্যবসা। তাঁদের কারখানায় ৬০ জনের মতো লোক খাটে। তাঁদের এই সাফল্যে উত্সাহিত হয়ে অনেকে এখন ববিন তৈরির কাজে নেমেছে। এলাকায় গড়ে উঠেছে ববিন তৈরির ৩০-৩৫টি কারখানা।সালমা-কালাম দম্পতি বর্তমানে পাবনা শহরের সাধুপাড়া মহল্লার বাসিন্দা। আবুল কালামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার পাঙ্গাশি গ্রামে। তাদের পরিচয় ঢাকায়। দুজনে তখন তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। সেটা ১৯৮৯ সালের কথা। সেবারই বিয়ে হয় তাঁদের। জমিজমা বেচে কয়েক মাস পরই কালাম দুবাইয়ে চলে যান। সেখানে কিছুই করা হয় না তাঁর। বেকার বসে আর খাবেন কত দিন! ১৮ মাসের মাথায় বাধ্য হয়ে দেশে ফেরেন।২০০১ সালের শুরুর দিকে সালমা বেসরকারি একটি সংস্থা থেকে ছয় হাজার টাকা ঋণ নেন। পোশাক কারখানার অভিজ্ঞতা কাজে লাগান এবার। তিন হাজার টাকায় কেনেন ববিন তৈরির মেশিন। লোকবল বলতে কিছুই ছিল না। টোকাইদের কাছ থেকে পরিত্যক্ত পলিথিন কিনতেন কালাম। আর সালমা রাতভর সেগুলো পানিতে ধুয়ে পরিষ্কার করতেন। দিনে শুকাতেন রোদে। তারপর শুরু হতো চাপড়া তৈরির কাজ। চাপড়ি মেশিনে পলিথিন গলিয়ে মণ্ড তৈরি করা হয়। সেই মণ্ড কেটে ববিন মেশিনে ছাঁচে ফেলা হয়। সেখান থেকে বেরিয়ে আসে প্লাস্টিকের ববিন। সেই ববিন স্থানীয় সুতা ব্যবসায়ী ও তাঁতিদের কাছে বিক্রি করা হয়।ববিন বিক্রির টাকায় সালমা বাবার বাড়ির পাশে জমি কিনে বাড়ি বানিয়েছেন। সেই বাড়ির পাশেই সালমার ‘কেয়া প্লাস্টিক’ কারখানা। কারখানার একাংশে পরিত্যক্ত পলিথিন প্রক্রিয়াজাত করা হয়। অপর অংশে তৈরি হয় ববিন। এখন তাঁর কারখানায় ১৬টি মেশিন চলে। রয়েছে একটি করে কাটার ও চাপড়ি মেশিন। কারখানায় কাজ করেন ২১ জন পুরুষ ও ৩৯ জন নারী। দিনভর তাঁদের কাজ তদারক করেন সালমা। কারখানা থেকে উত্পাদিত ববিন বিক্রির দায়িত্ব আবুল কালামের। তিনি জানান, প্রতি কেজি পরিত্যক্ত পলিথিন ২২-২৮ টাকায় কেনেন। একটি ববিনের উত্পাদন খরচ ৬০ পয়সা, বিক্রি হয় এক টাকা করে। তাঁদের কারখানায় প্রতিদিন ৮-১০ হাজার ববিন বানানো যায়। এতে প্রতি মাসে ২৫-৩০ হাজার টাকা আয় থাকে।আবুল কালাম অকপটে স্বীকার করেন, তাঁদের এই সাফল্যে বেশি অবদান স্ত্রী সালমার। তিনি জানান, বিসিক শিল্পনগরীতে তাঁরা একটি কারখানা দিতে যাচ্ছেন।প্রতিবেশী আজাদ জানান, সালমার সাফল্য দেখে তিনিও বছরখানেক ধরে এ কাজ শুরু করেছেন। অপর প্রতিবেশী সালমা খাতুন বলেন, ‘সালমা আপার ববিন কারখানা আমাদের স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। আপার কাছ থেকে কাজ শিখে নিজে একটি কারখানা দিয়েছি।’শহরের সাধুপাড়া মহল্লার বাসিন্দা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউর রহিম বলেন, ‘ওদের দেখে অনেকেই উত্সাহিত হচ্ছে। আমার জানামতে, ববিন তৈরির কাজটা শহরে ওরাই প্রথম শুরু করেছে।’ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে সালমা আক্তার জানান, শহরের সব আবর্জনা কাজে লাগিয়ে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তৈরি করতে চান তিনি। তাঁর কারখানায় প্রতিবন্ধীদের প্রাধান্য থাকবে।